ফেল করা শিক্ষার্থীদের নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?
- ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৩
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষণের সময় কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারে না। আগে শিক্ষা বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী ফল পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নে কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।