লাখ লাখ মার্কিন ভিসা বাতিলের নেপথ্যে
- ১১ আগস্ট ২০২৬, ১৭:৪৭
অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বাতিল হওয়া ভিসার মধ্যে ভ্রমণ ও অভিবাসন দুই ধরনের ভিসাই রয়েছে।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বিভিন্ন অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মতো কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে।
দপ্তরটি জানিয়েছে, গত বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর শুরু হওয়া ব্যাপক অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবেই ভিসা বাতিলের এই কার্যক্রম চালানো হচ্ছে। ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসাধারীদের ভিসার শর্ত মেনে চলা এবং তারা যেন মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি না করেন, তা নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন।
ভিসা বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদকসংক্রান্ত অপরাধের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ ছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে ১০০টির বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তাদের সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নিয়ে দেশটির নাগরিকত্ব পেতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশের নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে।
দপ্তরটির ভাষ্য, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং বিশেষ একটি সুবিধা। কেউ এই সুবিধার অপব্যবহার করলে তার ভিসা বাতিলসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সে সময় এটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা