কী হচ্ছে ডিএসইতে?
- ১১ আগস্ট ২০২৬, ১৭:৫৭
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও ১১ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় এবং একই দিন থেকে তা কার্যকর করা হয়।
ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুঝহাত আনোয়ারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত হওয়া ১১ জনের সবার নাম ও পদবি জানা যায়নি। তবে তাদের মধ্যে জেনারেল অ্যাডমিন বিভাগের বিমল চন্দ্র, হ্যাপি, পপি, মনোয়ারা, আসমা, মুনজের, ফরিদ ও মোসতাক রয়েছেন বলে জানা গেছে।
চাকরিচ্যুতির বিষয়ে বিমল চন্দ্র বলেন, ‘কর্তৃপক্ষ আগে আমাদের কিছু জানায়নি। আজ হঠাৎ ডেকে চাকরি অবসানের কথা জানানো হয়। শুনেছি, আমিসহ মোট ১১ জন এই তালিকায় রয়েছেন।’
এর আগে সম্প্রতি আরও ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে ডিএসই। চাকরিচ্যুতির প্রতিবাদে ওই কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।
তাদের দাবি ছিল, ডিএসইতে আরও প্রায় ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার তালিকা করা হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ১১ জনের চাকরিচ্যুতির ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাকরি হারানোর উদ্বেগ আরও বেড়েছে।