চুপ্পু ও এস আলমের বিরুদ্ধে অভিযোগই কাল হলো তার
- ১২ আগস্ট ২০২৬, ১৭:২১
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইয়াসীন আলী ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাময়িক বরখাস্তের পর তাঁকে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের বিষয়টি উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছিল।
ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, শাখা পর্যায় থেকে সরাসরি দুদকে অভিযোগ করার সুযোগ নেই। ঋণসংক্রান্ত কোনো অনিয়ম হলে আদালতের মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হয়। আদালত প্রয়োজন মনে করলে অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠাতে পারেন। এ ছাড়া দুদকের সঙ্গে যোগাযোগের জন্য ব্যাংকের আলাদা বিভাগ রয়েছে।
তিনি আরও বলেন, শাখার একজন কর্মকর্তা কেন সরাসরি দুদকে অভিযোগ করেছেন, তা স্পষ্ট নয়। এ কারণে বিভাগীয় তদন্তের স্বার্থে ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক নিয়ম অনুযায়ী আদালতের শরণাপন্ন হবে।
তবে ব্যাংকের নথিপত্রে দেখা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইয়াসীন আলীকেই দুদকে অভিযোগ করার বিষয়ে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছিল। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়। পরদিন, ২৭ জুলাই শাখা ব্যবস্থাপনার পক্ষ থেকে জারি করা চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতাও তাঁকে দেওয়া হয়েছিল।
এদিকে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০১৭ সালে জে এম সি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালক হন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
ব্যাংকের নথি অনুযায়ী, ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।