আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী
- ১২ আগস্ট ২০২৬, ১৮:৩৭
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার তথ্য সঠিক নয়। বলেছেন, ‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ধরনের গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে বিষয় কানে আসেনি, সে বিষয়কে এখন পর্যন্ত আমরা আমলে নিতে চাচ্ছি না।’
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের দেশ-জাতি-জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যস্ত। ইতোমধ্যে গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।’
আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের রাষ্ট্রদূত (দীনেশ ত্রিবেদী) নিজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শেষে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।’
সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।