‘সমস্যা হবে না’ বলতেই জামায়াত এমপিকে নিয়ে ভেঙ্গে পড়ল সাঁকো

জামায়াত এমপি
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা নদীর ওপর নটাবাড়ি সাঁকো ভেঙে নিচে পড়ে গেছেন জামায়াতের নেতা–কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে করা ভিডিও থেকে নেওয়া। ছবি সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মী। এ সময় সাঁকো পরিদর্শনে থাকা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রোকনুজ্জামান।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সংসদ সদস্য আব্দুস সাত্তারের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সাঁকোর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘যাওয়া যাবে, সমস্যা হবে না।’ সংসদ সদস্য সবার সামনে ছিলেন। কিছুদূর যাওয়ার পর তাঁর পেছনের অংশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ে এবং কয়েকজন নিচে পড়ে যান। তবে সংসদ সদস্য সামনের দিকে থাকায় তিনি অক্ষত থাকেন।

স্থানীয় জামায়াত নেতারা জানান, ডিমলা উপজেলা সদরের সঙ্গে নাউতরা এলাকার যোগাযোগের জন্য নাউতরা নদীর ওপর থাকা নটাবাড়ি বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ বিষয়টি পরিদর্শন করতেই স্থানীয় নেতাদের নিয়ে সেখানে যান সংসদ সদস্য আব্দুস সাত্তার।

তাঁরা জানান, সাঁকোর ওপর একসঙ্গে ওঠার পর সেটি ভেঙে পড়ে। এতে উপজেলা জামায়াতের আমির মজিবুর রহমান, নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি মো. রোকনুজ্জামান, সংসদ সদস্যের দেহরক্ষী আব্দুল মান্নান, ইউনিয়ন জামায়াতের আমির নূর মোবাশ্বেরসহ ৮ থেকে ১০ জন নিচে পড়ে যান।

ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রোকনুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণে সংসদ সদস্য আব্দুস সাত্তারের নেতৃত্বে তাঁরা সাঁকোটি পরিদর্শনে গিয়েছিলেন। সাঁকোর ওপর ওঠার পর হঠাৎ সেটি ভেঙে পড়লে তিনি ও কয়েকজন স্থানীয় ব্যক্তি নিচে পড়ে যান। তবে সংসদ সদস্য সামনে থাকায় তিনি রক্ষা পান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।