মন্ত্রিসভায় রদবদল, স্বরাষ্ট্রে পদে নতুন মুখ

বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের ছেড়ে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর আগে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। প্রার্থী হওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

একই সঙ্গে মন্ত্রিসভা থেকেও তাঁর পদত্যাগের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব দেওয়ার প্রয়োজন দেখা দেয়। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।