জামিন পেলেন তিশা
- ১৩ আগস্ট ২০২৬, ১৬:৪৭
অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। সকাল ১১টা ২৫ মিনিটে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন নেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন অভিনেত্রী। শাড়িটির প্রচার এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিষয়টি তদন্ত করে। ডিবির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে অভিযোগের বিষয়ে তানজিন তিশা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না বলেও জানিয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার হাজির হয়ে জামিন পেলেন এই অভিনেত্রী।