কপাল পুড়লো ৫৬ পুলিশ কর্মকর্তার
- ১৪ আগস্ট ২০২৬, ১৮:২৭
সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।
অন্যদিকে, একই আইনের আওতায় সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকেও জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন নুরে আলম সিদ্দিকী, মো. নূরুল মোতাকিন, কাজী ওয়ায়েজ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরিয়া, মো. রবিউল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।