ছাত্রদলের কমিটি যেকোনো সময়
- ১৪ আগস্ট ২০২৬, ১৮:৩২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।
সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন। এতে তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাকিব লেখেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দায়িত্ব পালনকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথাও তিনি স্মরণ করেন।
নিজের নেতৃত্বাধীন রাকিব-নাছির কমিটির কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে ভূমিকা পালন, পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে ‘মব’ মোকাবিলা এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে সততার সঙ্গে সংগঠন পরিচালনা ছিল তাদের অন্যতম অর্জন।
দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন রাকিব। একই সঙ্গে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
আগামী দিনে ছাত্রদলের নেতৃত্ব যার হাতেই আসুক, নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে নিজের বার্তা শেষ করেন বিদায়ী এই ছাত্রনেতা।