শুভ্রতায় সাদিয়া
- ১৪ আগস্ট ২০২৬, ১৯:০২
পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের স্টাইলিশ উপস্থিতি প্রায়ই ভক্তদের নজর কাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সাজের ছবি প্রকাশ করে নিয়মিতই প্রশংসা পান তিনি। এবার সাদা শাড়িতে ধরা দিয়ে ছড়ালেন ‘একটুখানি শুভ্রতা’।
শুক্রবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে দেখা যায় ধবধবে সাদা শাড়িতে। শাড়িটিতে ছিল সূক্ষ্ম নকশার কাজ। সাদা ব্লাউজের হাতার কাছেও ছিল রঙিন ফুলের সুতার কারুকাজ।
সাজে অভিনেত্রীকে দেখা গেছে এক স্তরের মুক্তার মালায়। খোলা চুল ও মিষ্টি হাসিতে ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত দেখিয়েছে। পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে প্রশংসা পেতে শুরু করে তার এই সাদামাটা অথচ নান্দনিক সাজ।
স্টাইলিশ এই অবতারের ফটোসেশনে সাদিয়া আয়মান বেঁছে নিয়েছেন এক চমৎকার ব্যাকগ্রাউন্ড! ফুলের বাগানকে পেছনে রেখে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর তা প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা...’।
ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসায় ভরে গেছে সাদিয়ার পোস্টের মন্তব্য ঘর। ভক্তদের কেউ লিখেছেন, ‘আপনি অসম্ভব সুন্দর’। কেউ মন্তব্য করছেন, ‘সাদা পরী’ লিখে। অনেকে আবার ভালোবাসার ইমোজির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সাদিয়া আয়মানের নিত্য নতুন লুক নেটিজেনদের ফের নজর কেড়েছে তা বলার বাকি রাখে না। এবার অভিনেত্রীর এই শুভ্রতার আভা যেন আলাদা কিছু ছিল ভক্তদের মাঝে। সম্প্রতি বেশ কিছু নাটক, ফিল্ম, ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় এলেও বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা খানিকটা কমই দেখা যাচ্ছে।