সেই রাত ভয়ঙ্কর ছিলো
- ১৪ আগস্ট ২০২৬, ২৩:১৩
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ২০১২ সালে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য নিউইয়র্কে গিয়ে অস্ত্রোপচার ও কেমোথেরাপি নেন তিনি। ২০১৩ সালের এপ্রিলে কেমোথেরাপি শেষ করার পর তাকে ক্যানসারমুক্ত ঘোষণা করা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন মনীষা। তিনি জানান, নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন। খবরটি জানার পরের রাতটিকে জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন তিনি।
সেই রাতের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ও নিঃসঙ্গ রাত। মনে হচ্ছিল, কোনো এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাবব।’
মনীষা বলেন, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময়টি তাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। তার উপলব্ধি হয়েছে, মানুষের ভিড়ের মধ্যেও অনেক সময় একাকিত্ব ঘিরে ধরতে পারে। এমনকি বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েও অনেক সময় নিজেকে মানিয়ে নিতে পারেননি বলে জানান তিনি।
ক্যানসারকে জীবনের ‘দ্বিতীয় সুযোগ’ হিসেবে দেখেন মনীষা। এরপর নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন অনেক অপ্রয়োজনীয় বিষয় জীবন থেকে বাদ দিয়েছেন তিনি। পরিবারকে আরও কাছে পেয়েছেন এবং ছোট হলেও অর্থপূর্ণ বন্ধুত্বকে এখন বেশি গুরুত্ব দেন।
একসময় নিজের স্বাস্থ্যের প্রতি তেমন মনোযোগী ছিলেন না জানিয়ে অভিনেত্রী বলেন, জীবনের নতুন সুযোগ পাওয়ার পর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছেন। পাশাপাশি প্রকৃতি ও প্রিয়জনদের সান্নিধ্য উপভোগ করছেন তিনি।
জীবনের প্রতি কৃতজ্ঞ থাকাকেই এখন নিজের অন্যতম মূলমন্ত্র হিসেবে দেখেন মনীষা কৈরালা। তাঁর মতে, কঠিন সেই অভিজ্ঞতা জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।