কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি নিহত
- ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩
কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। তাকে চাপা দেওয়া বাসটি চালাচ্ছিলেন এক ভারতীয় নাগরিক।
সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বাংলাদেশি চালক তার বাসে রুটিন পরিদর্শনের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশে গেলে পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশি চালকের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। তবে জানিয়েছে, তিনি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। দুর্ঘটনার সময় যে বাসটি পেছনের দিকে গিয়ে তাকে চাপা দেয়, সেটি চালাচ্ছিলেন ১৯৮১ সালে জন্ম নেওয়া এক ভারতীয় নাগরিক। তার নামও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশ স্টেশনে একটি মামলা করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সূত্র: আরব টাইমস অনলাইন