বিদ্যুৎ, জ্বালানি সংকট নিরসনে রাষ্ট্রপতিকে যে চিঠি দিল জামায়াত আমির

জামায়াত আমির

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামগ্রিক আর্থ-সামাজিক সংকট নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ বিষয়ে শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট চলছে। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এ ধরনের সংকটের সময়ে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে বিস্তারিত ও অর্থবহ আলোচনা করে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান ডা. শফিকুর রহমান।