পে-স্কেল ঘিরে জাফর-ববিতার গান ভাইরাল

বিনোদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে স্কেল নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’। পে স্কেল কবে চূড়ান্ত হবে- এই প্রশ্নের উত্তর না মেলায় মজার ছলে গানটির ‘কেউ জানে না’ কথাগুলোই এখন নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আলোচিত ‘অবুঝ হৃদয়’ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর। পর্দায় গানটির সঙ্গে অভিনয় করেছিলেন জাফর ইকবাল ও ববিতা। দীর্ঘ সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির একটি অংশ নতুন করে ছড়িয়ে পড়েছে।

মূলত সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য ও সম্ভাবনার খবর প্রকাশ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, তা এখনো স্পষ্ট নয়। আর সেই অনিশ্চয়তাকে রসিকতার মাধ্যমে তুলে ধরতেই গানটির ভিডিও শেয়ার করছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুক সাকিব নামে একজন গানটি শেয়ার করে লিখেছেন, পে স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে গানের কথাগুলো বেশ মিলে গেছে। প্রতিদিন নতুন খবর এলেও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে যেন কেউ কিছুই জানে না।

রুবেল মাহমুদ নামে আরেকজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, সেটিই এখন বড় প্রশ্ন। প্রতিদিন নতুন তথ্য সামনে এলেও চূড়ান্ত ঘোষণা কবে আসবে, তা কেউ জানে না।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। পুরোনো হলেও গানটির জনপ্রিয়তা এখনো রয়েছে। ইউটিউবে গানটির দর্শকসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। সম্প্রতি ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গানটির ‘কেউ জানে না’ অংশটি আবারও নেটিজেনদের নজর কাড়ে।

এদিকে, পে স্কেল নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য ও সম্ভাবনার কথা সামনে এলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই অপেক্ষা ও অনিশ্চয়তাকেই হাস্যরসের মাধ্যমে তুলে ধরতে পুরোনো এই গানটি ব্যবহার করছেন নেটিজেনরা।