রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় শফিকুর রহমান বলেন, ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এ বিজয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার যোগ্যতা ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগ করবেন।

জামায়াত আমির নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা করে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত ফল অনুযায়ী, মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ছয়জন ভোট দেননি।

ফল ঘোষণার পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও মির্জা ফখরুলের কাছে গিয়ে করমর্দন ও আলিঙ্গন করে তাকে অভিনন্দন জানান। পরে অন্যান্য সংসদ সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।