রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির শপথ

শপথ গ্রহণের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহ্যবাহী দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রায় ১২ শতাধিক বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে দরবার হলে প্রবেশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ঘোষিত ফল অনুযায়ী, ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। আর ছয়জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।