এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
- ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫০
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
আজ সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন দেয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
চূড়ান্ত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্র, ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক গণিতের পরীক্ষা হবে ২৫ মার্চ।
এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে। ব্যবহারিক পরীক্ষাও প্রতিদিন সকাল ১০টায় নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে সকাল সাড়ে ৯টার মধ্যে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও শনাক্তকারী শিক্ষকসহ কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ পরীক্ষায় মূল উত্তরপত্রের পরিবর্তে পৃথক ব্যবহারিক খাতা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল বা রচনামূলক অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা বা ব্যবহার নিষিদ্ধ থাকবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন রাখতে পারবেন না। তবে বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ বিষয়ে বোর্ডের ওয়েবসাইট ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানুয়ারির সিদ্ধান্ত পরিবর্তন
এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বছরের শুরুতেই পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছিলেন। তবে এ সিদ্ধান্তের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানান, অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনে জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
এর ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি বিবেচনায় নিয়ে পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের বড় একটি অংশের আশঙ্কা ছিল, জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না। বিশেষ করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রম শেষ করে পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়তি সময় প্রয়োজন বলে মত দেন সংশ্লিষ্টরা।
আগের সময়সূচিতে ফেরার ইঙ্গিত
একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রীতি ছিল। করোনাভাইরাস মহামারি এবং পরবর্তী সময়ের বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে পাবলিক পরীক্ষার সময়সূচিতে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাইয়ে শুরু হয়েছে। আগামী বছর এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্তের ফলে ধীরে ধীরে পরীক্ষা আয়োজনের সময় আগের ধারায় ফিরিয়ে আনার উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।