তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রভা
- ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে প্রায়ই প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ায়। এবার যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর ফের আলোচনায় এসেছেন তিনি। তবে অভিনেত্রী নিজেই এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া এক তরুণকে বিয়ে করেছেন প্রভা। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে গণমাধ্যমে প্রভা সরাসরি তার বিয়ের খবর অস্বীকার করেছেন।
গত কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছে। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার কিছু পোস্ট ও ছবি এসব গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।
চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল এবং অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তার বাগদান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছিলেন এই অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেছিলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এরপর জুনে একটি ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন প্রভা। কোনো পুরুষ নিজেকে দাম্পত্য জীবনে অসুখী দাবি করলে কিংবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে থাকার কথা বললে তার বক্তব্য সহজে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
প্রভার ওই বক্তব্যের সময়ও আলোচনায় আসে। কারণ, সে সময় এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও ওই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী।
জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। আরেকটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে রাখতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিটিতে ‘আই লাভ ইউ টু’ লেখা ছিল। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেন তিনি। ওই ব্যক্তির পরিচয় বা তার সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রভা।
গত ৩১ জুলাইও একটি আবেগঘন পোস্ট দেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে পোস্টে কাকে উদ্দেশ করে কথাগুলো বলা হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
এসব পোস্ট ও ছবি ঘিরে নতুন করে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হলেও এবার বিষয়টি সরাসরি নাকচ করেছেন প্রভা। গণমাধ্যমে নিজের বিয়ের খবরকে গুজব বলে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে তৃতীয় বিয়ের খবরেরও কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।