সৌরবিদ্যুতেও বসবে ট্যারিফ?

সৌরবিদ্যুৎ

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের বিক্রয়মূল্য প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

কমিটির সুপারিশ অনুযায়ী, সৌরভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ২০ শতাংশ বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে। এ জন্য প্রযোজ্য ট্যারিফ হবে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৬ টাকা ৪৮ পয়সা।

গতকাল রবিবার (২৩ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের প্রস্তাব নিয়ে আয়োজিত গণশুনানিতে এ সুপারিশ তুলে ধরা হয়।

বিইআরসি আয়োজিত শুনানিতে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্যরা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যেভাবে নির্ধারণ করা হয়েছে ট্যারিফ

কারিগরি মূল্যায়ন কমিটির অনুসন্ধান প্রতিবেদনে সৌরভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বিক্রির মূল্য প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কমিটির হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের নিট স্থায়ী সম্পদের মূল্য ধরা হয়েছে ৩২৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। এর সঙ্গে নিয়ন্ত্রক কার্যকরী মূলধন হিসেবে ৪৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা যোগ করে মোট মূল্যভিত্তি নির্ধারণ করা হয়েছে ৩৭০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।

এই মূল্যভিত্তির ওপর ৮ দশমিক ৯৬ শতাংশ হারে মুনাফা ধরে বিনিয়োগের বিপরীতে মুনাফা নির্ধারণ করা হয়েছে ৩৩ কোটি ২২ লাখ টাকা। এছাড়া জনবল, মেরামত ও রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক ও সাধারণ ব্যয় হিসেবে ১১ কোটি ২১ লাখ এবং অবচয় বাবদ ১৫ কোটি ৩৩ লাখ টাকা ধরা হয়েছে।

সব মিলিয়ে মোট রাজস্ব চাহিদা দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। অন্যান্য আয় হিসেবে ৯৮ লাখ টাকা বাদ দেওয়ার পর নিট রাজস্ব চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৯ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

কমিটির হিসাবে, সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্র থেকে বছরে নিট বিদ্যুৎ উৎপাদন হবে ৯ কোটি ১৮ লাখ ৪০ হাজার ইউনিট। মোট রাজস্ব চাহিদা ও সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদনের ভিত্তিতেই প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফের সুপারিশ করা হয়েছে।

ব্যাটারি সংরক্ষণের সুপারিশ

সৌরবিদ্যুৎ যাতে শুধু দিনের বেলায় সীমাবদ্ধ না থাকে, সে জন্য ব্যাটারি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা স্থাপনেরও সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।

কমিটির প্রস্তাব অনুযায়ী, সৌরভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সক্ষমতার ১০ থেকে ২০ শতাংশ সমপরিমাণ ক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। এতে দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী রাতেও সরবরাহ করা সম্ভব হবে।

এর ফলে সৌরবিদ্যুতের সরবরাহ আরও নির্ভরযোগ্য হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে কমিটি।