টাকা তোলা নিয়ে সুখবর
- ২৫ আগস্ট ২০২৬, ১৮:৪৯
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন করে হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল টাকা উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে চলমান স্কিমে থাকা নির্ধারিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এজন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীও এ বিষয়ে ঘোষণা দিয়েছিলেন।
তবে বিষয়টি নিয়ে কিছু গ্রাহকের মধ্যে বিভ্রান্তি থাকায় তা দূর করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রত্যেক আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে নির্দেশ দিয়েছেন গভর্নর। অর্থাৎ আমানতের মুনাফা থেকে কোনো অংশ কেটে নেওয়া হবে না।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার জন্যও তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।