হঠাৎ ভিসা সাক্ষাৎকার বন্ধ যুক্তরাষ্ট্রের

ভিসা

বিশ্বের বিভিন্ন দেশে থাকা দূতাবাস ও কনস্যুলেটে নতুন করে ভিসা সাক্ষাৎকার নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দূতাবাস ও কনস্যুলেটে কর্মরত কূটনীতিক এবং ভিসা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ কার্যক্রম কবে শেষ হবে কিংবা কবে থেকে আবার নিয়মিত ভিসা সাক্ষাৎকার শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে যেসব আবেদনকারীর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাদের অ্যাপয়েনমেন্ট নতুন করে নির্ধারণ করা হতে পারে। বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিসা প্রদানকারী কর্মকর্তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও বহিষ্কারের পাশাপাশি বৈধ অভিবাসীদের নিয়েও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় ভিসা প্রক্রিয়ায় নতুন করে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে রাজনৈতিক কর্মকাণ্ড, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কারণেও কিছু ব্যক্তির ভিসা প্রত্যাখ্যানের খবর এসেছে।

এদিকে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ অভিবাসীদের মধ্যেও সাম্প্রতিক অভিবাসননীতির কারণে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নতুন করে স্থগিত হওয়া ভিসা সাক্ষাৎকার কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সময়সূচি দেওয়া হয়নি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস