শিগগিরই দ. কোরিয়ার ভিসা ঢাকায়

ভিসা

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসার আবেদন এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব কার্যক্রম ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই সম্পন্ন হবে। এতে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে আশা করছে দূতাবাস।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ ও ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই পরিচালিত হবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা-২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধাও থাকবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কখন থেকে এ সুবিধা চালু হবে, তা আগামী ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে দূতাবাস জানিয়েছে।

এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমের সময়সূচি, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়মসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

ভিসা প্রত্যাশীদের নতুন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও বিজ্ঞপ্তি নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। তাদের আশা, পৃথক এই আবেদন কেন্দ্র চালু হলে ভিসা প্রত্যাশীদের ভোগান্তি কমবে এবং সেবাদানের ক্ষেত্রে আরও কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত হবে।