ভেঙে পড়েছেন প্রভা
- ২৬ আগস্ট ২০২৬, ১৮:৫২
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর বিয়ের খবর। এমনকি গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও দাবি করা হয়। তবে এসব তথ্য সরাসরি নাকচ করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তাঁর বিয়ে হয়নি এবং চুক্তিভিত্তিক বিয়ের খবরও সম্পূর্ণ ভিত্তিহীন।
মঙ্গলবার রাতে প্রভা বলেন, হঠাৎ করেই তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পারেন তিনি। তাঁর ভাষ্য, এসব খবরের কোনো সত্যতা নেই এবং তিনি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি।
প্রভা আরও জানান, তাঁর বিয়ের খবর প্রকাশ করা হলেও এ বিষয়ে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তাঁর অভিযোগ, যাচাই না করেই অনেকে নিজেদের মতো করে নানা তথ্য প্রকাশ করছেন।
সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই তা যাচাই করা উচিত। তাঁর সঙ্গে কথা বললেই প্রকৃত তথ্য জানা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ভুয়া ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে পড়ায় মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন জানিয়ে প্রভা ভক্তদেরও বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার বা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি নিজের ফেসবুকের মাধ্যমে জানাবেন বলে উল্লেখ করেন।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে জানান প্রভা। শিগগিরই আবার শুটিংয়ে ফেরার সম্ভাবনাও রয়েছে তাঁর।