বিনা খরচে মালয়েশিয়ায় যাবে ১০ হাজার বাংলাদেশি
- ২৬ আগস্ট ২০২৬, ১৯:৪৪
সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধ এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। পরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণ দেওয়া জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সমন্বয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানো গেলে একদিকে যেমন প্রতারণা ও অবৈধভাবে বিদেশযাত্রা কমবে, অন্যদিকে কর্মীদের জন্য আরও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সূত্র: বাসস