মধুবালার চরিত্রে সারা

সারা

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই বায়োপিক নির্মাণের আলোচনা চলছে। জসমিত কে রিনের পরিচালনায় এবং সঞ্জয়লীলা বানসালির প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি নিয়ে এরই মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। এবার জানা গেল, সব প্রস্তুতি ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই শুরু হতে পারে সিনেমাটির শুটিং।

দীর্ঘদিন ধরে সিনেমাটির কাজ শুরু না হওয়ায় মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও ছিল নানা গুঞ্জন। তবে সম্প্রতি জানা গেছে, কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে। ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর নতুন করে আলোচনায় আসা এই অভিনেত্রী ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন।

মিড ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সঞ্জয়লীলা বানসালি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে। সিনেমাটির একটি গানের দৃশ্যধারণ এখনো বাকি। আগামী সপ্তাহে গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে সেই গানের শুটিং হওয়ার কথা রয়েছে।

গানের শুটিং শেষ হওয়ার পর মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজ শুরু করবে বানসালির প্রযোজনা দল। একই লোকেশনে সিনেমাটির সেট তৈরি করা হবে বলে জানা গেছে। সব প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরেই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

মধুবালার চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে সারা অর্জুনও বেশ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, তিনি অভিনেত্রীর আচরণ, ব্যক্তিত্ব, অভিনয়শৈলী ও ব্যক্তিজীবন নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। মধুবালার চরিত্রের বিভিন্ন দিক আত্মস্থ করতেই এই বিশেষ প্রস্তুতি।

তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। নির্মাতারা বায়োপিকের মাধ্যমে মধুবালার জীবনের পরিচিত অধ্যায়ের পাশাপাশি কিছু অজানা ও গুরুত্বপূর্ণ দিকও দর্শকদের সামনে তুলে ধরতে চান।

এদিকে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও শেষের দিকে। এতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।