গভীর উপলব্ধি ফারিণের

ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের একটি আবেগঘন ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জীবনের ক্ষণস্থায়িত্ব, সম্পর্ক এবং প্রাপ্তির বাস্তবতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের অনুভূতি প্রকাশ করে ছবিসহ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। পোস্টটি প্রকাশের পর থেকেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে তাসনিয়া ফারিণ লিখেছেন, এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই- না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।

ফারিণের এ পোস্টে উঠে এসেছে জীবনের অনিত্যতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক ও পার্থিব প্রাপ্তির সাময়িকতার বিষয়টি। তার উপলব্ধি, জীবনে মানুষ, সম্পদ কিংবা সুন্দর মুহূর্ত কোনোটিই চিরস্থায়ীভাবে নিজের করে রাখা সম্ভব নয়।

অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ভাবনা ও অনুভূতি অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার তাঁর সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ একটি পোস্টও নজর কেড়েছে ভক্তদের।

পোস্টটি ঘিরে অনেকেই জীবনের বাস্তবতা নিয়ে অভিনেত্রীর উপলব্ধির সঙ্গে একমত হয়েছেন। কেউ কেউ মন্তব্যের ঘরে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনার কথাও তুলে ধরেছেন।

তবে ঠিক কী পরিস্থিতি থেকে এমন উপলব্ধি তাঁর মনে এসেছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি তাসনিয়া ফারিণ।