পুলিশে বিশাল নিয়োগ
- ২৭ আগস্ট ২০২৬, ১৭:০৯
পুলিশ বাহিনীতে জনবল বাড়াতে নতুন করে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল সংকট কাটাতে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবলের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃজিত হলে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের সাংগঠনিক কাঠামোয় অনুমোদিত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয়ের মাধ্যমে পূরণ করা হবে।
এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।