কী এমন পাপ করেছিলাম আমার জন্ম বাংলাদেশে হলো: অভিনেত্রী
- ২৯ আগস্ট ২০২৬, ২০:৫৪
নারী শিল্পীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। কোনো ছবি বা ভিডিও প্রকাশ করলেই অনেক সময় নেতিবাচক ও আপত্তিকর মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর। বিষয়টি নিয়ে এর আগেও বহু শিল্পী প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তাতেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।
এবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার প্রকাশ করা একটি ভিডিওর মন্তব্যের ঘরে আপত্তিকর নানা মন্তব্য দেখা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৮ আগস্ট) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়ন্তী। ভিডিওটিতে জার্মানির একটি ব্যতিক্রমী অবকাশযাপন কেন্দ্রের দৃশ্য তুলে ধরেছেন তিনি। সেখানে পুরোনো জাহাজের কনটেইনারকে আকর্ষণীয় থাকার ঘরে রূপান্তর করা হয়েছে।
ঘুরতে গিয়ে সফরসঙ্গীদের সঙ্গে ওই কনটেইনারের তৈরি আবাসনেই অবস্থান করেছিলেন প্রিয়ন্তী। নিজের ভ্রমণের অভিজ্ঞতার অংশ হিসেবে সেই জায়গার বিভিন্ন দৃশ্য ভিডিওতে তুলে ধরেন তিনি। কিন্তু ভিডিওটি প্রকাশের পরই এর মন্তব্যের ঘরে নানা ধরনের আপত্তিকর মন্তব্য শুরু হয়। বিষয়টি অভিনেত্রীর জন্য বিব্রতকর ও হতাশাজনক হয়ে ওঠে।
সেই পোস্টের কমেন্ট বক্সেই অভিনেত্রীর পোশাক ও শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে অনেকে। বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) এক বার্তায় প্রিয়ন্তী বলেন, ‘কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, আমি জানি না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।’
মন্তব্যকারীদের স্ক্রিনশট নিয়েও পোস্টে যুক্ত করেছেন প্রিয়ন্তী। তার ভাষ্য, ‘আমি এসব মন্তব্যের স্ক্রিনশট নিয়ে একে একে সবাইকে করলাম। যারা এসব লিখছেন, তাদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছেও এসব স্ক্রিনশট পাঠানোর কথা আমার মাথায় এসেছে। কারণ অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে।’
আক্ষেপ করে উর্বী লিখেছেন, ‘এই দেশের মেয়েদের ভবিষ্যৎ কী? আমরা আমাদের ছেলে-মেয়েদের কী শেখাচ্ছি? যাদের অনেকেই স্কুল-কলেজে পড়ে, তাদের কাছ থেকে যদি একজন মেয়েকে নিয়ে এমন ভাষা শুনতে হয়, তাহলে সত্যিই ভয় লাগে।’
এসব আপত্তিকর মন্তব্যে ‘অসহায়ত্ব’ প্রকাশ করে উর্বী লিখেছেন, ‘মাঝে মাঝে সত্যিই মনে হয়, জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে, আমার জন্ম বাংলাদেশে হলো? কথাটা হয়তো রাগ আর কষ্ট থেকে বলছি, কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দিন এবং আমাকে কখনো তাদের মতো হওয়ার থেকে রক্ষা করুন। কারণ এসব মন্তব্য পড়তে আমার নিজেরই লজ্জা লাগে, ঘৃণা লাগে, খুব অস্বস্তি লাগে।’
সবশেষে অনুসারীদের উদ্দেশে এ অভিনেত্রী লেখেন, ‘আমার ফেসবুকে আমি কী পোস্ট করব, সেটা আমার সিদ্ধান্ত। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। এতটুকু সম্মান আমি আশা করি। সত্যি বলতে, এমন ভক্ত বা ফলোয়ার আমার দরকার নেই, যারা আমাকে ফলো করবে শুধু আমার শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। এমন ফলোয়ার থাকার চেয়ে না থাকাই আমার কাছে ভালো।’
প্রসঙ্গত, ২০২১-এ অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক-ওয়েব কনটেন্টে দেখা গেছে তাকে। করেছেন সিনেমাও। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।