বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩০ আগস্ট ২০২৬, ১৮:৪৭
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া (২০) ওই সীমান্ত এলাকার বাসিন্দা শফিক মিয়ার ছেলে।
নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সীমান্তবর্তী এলাকায় গরু চরাতে যান সোহাগ। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে দাবি করেন তিনি।
গুলির ঘটনার পর সোহাগের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। কয়েকজন মিলে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।