নীতিমালা জারি

যে ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড

বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। এর আওতায় দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে আট ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় এ নীতিমালা জারি করে। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বড় পরিসরে বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হলো।

নীতিমালায় বলা হয়েছে, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এর মূল দর্শন-‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।

এই দর্শনের ভিত্তিতে দেশের অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে একটি সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যেসব ৮ ধরনের পরিবার ফ্যামিলি কার্ড পাবে না

নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তার জন্য একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা রাখা হয়েছে। এসব বৈশিষ্ট্যের যেকোনো একটি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য অযোগ্য বিবেচনা করা হবে।

১. নির্ধারিত সীমার বেশি পিএমটি স্কোর
সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না।

২. সরকারি বা এমপিওভুক্ত চাকরি
পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিয়মিত বেতন-ভাতা পেলে তিনি এ সুবিধার বাইরে থাকবেন। একইভাবে এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরাও ফ্যামিলি কার্ড পাবেন না।

৩. নিয়মিত সরকারি পেনশন
মনোনীত নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা পেলে তিনি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য হবেন না। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারীরা এ শর্তের বাইরে থাকবেন।

৪. ৫ লাখ টাকার বেশি সঞ্চয় বা বিনিয়োগ
পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে পরিবারটি সুবিধা পাবে না। একইভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও ফ্যামিলি কার্ড দেওয়া হবে না।

৫. তিন বা চার চাকার মোটরযান
পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএতে নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এর মধ্যে সিএনজি বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।

৬. বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা
পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলে বা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্সধারী ব্যবসা পরিচালিত হলে ওই পরিবার কর্মসূচির সুবিধা পাবে না।

৭. নিয়মিত করদাতা
পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তার করযোগ্য আয় থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য হবে না।

৮. নির্দিষ্ট সীমার বেশি জমি বা বাণিজ্যিক সম্পদ
বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এছাড়া কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি সুবিধার বাইরে থাকবে।

এক পরিবারের জন্য থাকবে একটি ‘ওয়ান-আইডি’

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তালিকাভুক্ত প্রতিটি যোগ্য পরিবারকে একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর দেওয়া হবে। ‘ওয়ান-আইডি’ নামে এই নম্বর ভবিষ্যতে সংশ্লিষ্ট পরিবারের কেন্দ্রীয় পরিচিতি হিসেবে ব্যবহৃত হবে।

নীতিমালা অনুযায়ী, ওয়ান-আইডি শুধু একটি পরিচিতি নম্বর হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত ও সুসংহত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবেও কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় স্বার্থে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

একই সঙ্গে একাধিক সরকারি সুবিধা নয়

ফ্যামিলি কার্ডধারী মনোনীত নারী পরিবারপ্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিক, খাদ্য বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না।

কোনো নারী পরিবারপ্রধান আগে থেকেই টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি কিংবা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধা নিয়ে থাকলে কেন্দ্রীয় ডেটাবেজ যাচাইয়ের মাধ্যমে আগের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে।

একইভাবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা সমজাতীয় সরকারি নগদ সহায়তা নেওয়া নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ডের সুবিধা নেওয়ার সময় আগের সুবিধা বহাল রাখতে পারবেন না।

তবে মনোনীত নারী পরিবারপ্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা গ্রহণ করতে পারবেন।