আরও বোয়িং কিনছে বাংলাদেশ
- ৩১ আগস্ট ২০২৬, ১৬:৩৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ।
গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ভারতে নিযুক্ত মার্কিন এই রাষ্ট্রদূত বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এর ফলে বাংলাদেশের আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও জানান তিনি।
পোস্টে সার্জিও গর আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ট্রাম্প প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন বলেও উল্লেখ করেন তিনি।