সোনায় বড় পতন
- ৩১ আগস্ট ২০২৬, ১৬:৫২
দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত হিসাবে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৩ হাজার ৬১৬ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছিল ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ দুই দফা কমানোর ফলে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমল।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।