স্মৃতিতে বুদ বুবলী
- ৩১ আগস্ট ২০২৬, ১৭:৪৬
লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আপাতত দূরে রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। কয়েক মাস ধরে অভিনয়ে বিরতিতে আছেন তিনি। কারণ, দ্বিতীয়বার মা হয়েছেন এই অভিনেত্রী। গত ১১ মে তার কন্যাসন্তান পৃথিবীর আলো দেখে। তবে সুখবরটি বুবলী প্রকাশ্যে আনেন ৫ জুন।
সন্তান জন্মের পর এখন নবজাতককে আগলে রাখতেই ব্যস্ত সময় কাটছে বুবলীর। পরিবারের সঙ্গে ঘরেই বেশি সময় দিচ্ছেন তিনি। শোবিজের কাজ থেকে বিরতিতে থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগ অবশ্য ঠিকই রাখছেন। নিজের ফেসবুক পেজে নিয়মিত সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।
বুবলীর সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলোতে একটি বিষয় বেশ স্পষ্ট—পুরোনো দিনের স্মৃতিতে ডুবে আছেন তিনি। গত এক মাস ধরে নিজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও শেয়ার করে স্মৃতিকাতরতা প্রকাশ করছেন অভিনেত্রী।
গত ৬ আগস্ট একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন ভিডিও পোস্ট করেন বুবলী। রূপালি রঙের গাউনে সাবেকি সাজে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে লেখেন ‘মুহূর্ত’, সঙ্গে দেন ‘থ্রোব্যাক মুড’ হ্যাশট্যাগ।
দুই দিন পর একই ক্যাপশন ও হ্যাশট্যাগে আরও একটি ফটোশুটের ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে রূপালি আঁচলের নীল শাড়িতে দেখা যায় তাকে। ১১ আগস্টও একই ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেন বুবলী, যেখানে লাল ব্লেজার স্যুটে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
১৬ আগস্ট ভিন্ন ধরনের একটি স্মৃতি শেয়ার করেন অভিনেত্রী। সিনেমার শুটিংয়ের সময় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ভালোবাসা পাওয়ার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘সিনেমার শুটিংয়ের ফাঁকে যখন কিছু ফুলের সাথে দেখা হয়।’
পরদিন আবারও একটি ফটোশুটের পুরোনো মুহূর্ত শেয়ার করেন বুবলী। সেখানে হ্যাট, সাদা পোশাক ও হাতে আপেলের ঝুড়ি নিয়ে দেখা যায় তাকে। ১৮ আগস্টও আরেকটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন ভিডিও পোস্ট করেন তিনি।
১৯ আগস্ট কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে তোলা তিনটি ছবি প্রকাশ করেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘মুহূর্ত। জীবন্ত কিংবদন্তি দিলারা ম্যামের সঙ্গে।’ জানান, ছবিগুলো ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সময় তোলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বুবলী ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্মৃতিও সামনে আনেন। সনদ গ্রহণের সময়কার ছবি ও ভিডিও শেয়ার করে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
২২ ও ২৩ আগস্ট শাড়ি পরা নিজের পুরোনো কিছু ছবি শেয়ার করেন বুবলী। এবার ‘থ্রোব্যাক মুড’-এর বদলে ক্যাপশনে ব্যবহার করেন ‘ফ্ল্যাশব্যাক’ হ্যাশট্যাগ।
অভিনয়ে আসার আগে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন বুবলী। ২৫ আগস্ট সেই সময়ের স্মৃতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সংবাদ পাঠের সময়কার কয়েকটি ছবি পোস্ট করে সহকর্মী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এরপর ২৮ আগস্ট রাতেও পুরোনো দিনের কয়েকটি ছবি প্রকাশ করেন বুবলী। গোলাপি আভাযুক্ত সাদা গাউনে একটি অনুষ্ঠানে বসে থাকা অবস্থার ছবিগুলোর ক্যাপশনেও ছিল ‘মুহূর্ত’ ও ‘ফ্ল্যাশব্যাক’।
বুবলীর এসব পোস্টে ভক্তদেরও বেশ সাড়া মিলছে। অভিনেত্রী যেমন পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছেন, তেমনি ভক্তরাও তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও দেখে নস্টালজিক হয়ে উঠছেন।
প্রসঙ্গত, অভিনয়ে বুবলীকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায়। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সাড়া ফেলেছে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরীসহ আরও অনেকে।