বাংলাদেশিদের অভিবাসী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সুখবর
- ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর কয়েক মাস ধরে বহাল থাকা অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের জন্য দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আবারও উন্মুক্ত হলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট নিউইয়র্কের একটি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জ্যানেট ভার্গাস এই ভিসা স্থগিতের নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
এর ফলে নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা বাংলাদেশি আবেদনকারীরা আবার নিয়মিত প্রক্রিয়ায় অভিবাসী ভিসা পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদনকারী ও অন্যান্য যোগ্য অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘদিনের অনিশ্চয়তাও কাটতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (ক্লিনিক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দেন। এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। সরকারি সুযোগ-সুবিধার ওপর এসব দেশের নাগরিকদের অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কাকে এর অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছিল।
তবে আদালত বলেন, শুধু কোনো ব্যক্তির জাতীয়তার ভিত্তিতে তাকে অভিবাসী ভিসা দিতে অস্বীকার করার একচ্ছত্র ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায়ও এমন সিদ্ধান্তের আইনগত ভিত্তি থাকতে হবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন যোগ্য আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। যাঁরা নিষেধাজ্ঞার সময় আবেদন করেছিলেন কিংবা ভিসা সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন, তাঁদেরও চূড়ান্ত ভিসা পাওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রত্যাশী বাংলাদেশিদের দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তা অনেকটাই দূর হলো।
সূত্র: এনডিটিভি