পাকিস্তান নাকি নেপাল, কার সঙ্গে কোথায় নীহা?
- ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। শোবিজে খুব বেশি দিন না হলেও অল্প সময়েই অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে বেশ আগ্রহ।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, পাকিস্তানি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নীহা। যদিও এ বিষয়ে সরাসরি কিছু জানাননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার বিয়ে ঠিক হয়ে আছে এবং তিনি ‘এংগেজড’। তবে পাত্র কে বা কোথাকার, সে বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি।
এদিকে কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন নীহা। কয়েক দিন আগে হলুদ আলোয় তোলা কিছু ছবি পোস্ট করলে অনেকেই ধারণা করেন, তিনি হয়তো পাকিস্তানে গেছেন। ছবিগুলোর নিচে এমন মন্তব্য এলেও এ বিষয়ে কোনো জবাব দেননি অভিনেত্রী।
তবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নতুন কয়েকটি ছবি পোস্ট করে সেই গুঞ্জনের অবসান ঘটালেন নীহা। পাহাড় ও হ্রদের মনোরম পরিবেশে বেঞ্চে বসে থাকা কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভবত, এটাই যথেষ্ট’। একই পোস্টে তিনি নেপালের পোখারায় চেক-ইন দিয়েছেন। এতে স্পষ্ট হয়েছে, পাকিস্তান নয়, নেপালেই ভ্রমণে গেছেন এই অভিনেত্রী।
এরপর ইনস্টাগ্রামে আরও কয়েকটি ছবি প্রকাশ করেন নীহা। সেগুলোও পোখারায় তোলা। কিছু ছবিতে তাকে একা দেখা গেলেও কয়েকটিতে ছিলেন সফরসঙ্গীরা।
তবে একটি ছবিই বেশি নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন নীহা। পেছন থেকে এক যুবক তাকে জড়িয়ে রেখেছেন। ছবিটি পেছন থেকে তোলা হওয়ায় ওই যুবকের মুখ দেখা যায়নি। ফলে তিনি নীহার কথিত প্রেমিক কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, নীহাকে সর্বশেষ দেখা গেছে ইমরাউল রাফাতের ‘মনের মতো মন’ নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি মুক্তির মাত্র ১১ দিনের মধ্যে ১ কোটি ৩০ লাখের বেশি ভিউ পেয়েছে।