প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের
- ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে পাঠানো চিঠিটি তিনি হাতে পেয়েছেন এবং বাংলাদেশের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখছেন। বোয়িং কোনোভাবেই বাংলাদেশকে নিরাশ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, দেশটির মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণ একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।
সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।