বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

তেল

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে দাম ছিল ১৯৯ টাকা।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা দাম সমন্বয়ের দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ানোর দাবি করলেও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সরকার শেষ পর্যন্ত ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন মূল্য শুধু বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাণিজ্য সচিব বলেন, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয় করা হয়েছে। আগামী রমজানের আগে আবারও দাম বাড়ানো হবে কি না, তা সে সময়ের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সয়াবিন তেলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।