এলপিজির নতুন দাম নির্ধারণ
- ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে। গত মাসে এই দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে তা ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছিল। তবে জুনের তুলনায় জুলাইয়ে দাম কমেছিল ৩৫৭ টাকা।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা। জুলাইয়ে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
এ ছাড়া, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।