রাজধানীর হকার নিয়ে বড় সিদ্ধান্ত

হকার

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক হকারদের স্বেচ্ছায় সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মতিঝিলে অফিস সময়ের পর হকারদের জন্য নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

আব্দুস সালাম বলেন, মতিঝিলে বিকেল ৪টার পর থেকে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন নগরের সব জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। নির্ধারিত স্থানে নিয়ম ও পরিচ্ছন্নতা বজায় রেখেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে নগরে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নগরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।