দুবাইয়ে গিয়েও রেহাই নেই ইরানি মডেলের
- ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০
ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি দিয়েও স্বস্তিতে নেই ইরানি মডেল ও বলিউড অভিনেত্রী মান্দানা করীমী। দেশ বদলালেও দীর্ঘদিনের সাইবার হয়রানি যেন পিছু ছাড়ছে না তার। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে গত ছয় বছর ধরে তাকে অনুসরণ ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
মান্দানার দাবি, শুধু তার কাছেই নয়, তার সঙ্গে কাজ করা প্রযোজক, সহ-অভিনেতা, বন্ধু ও পরিচিতদের কাছেও রহস্যময় ই-মেইল পাঠানো হচ্ছে। এসব বার্তায় কখনো তাকে ঘিরে নানা অভিযোগ তোলা হচ্ছে, আবার কখনো অর্থ চাওয়া হচ্ছে। এর মাধ্যমে তার পেশাগত জীবন, ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক পরিচিতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।
সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা জানান, বিচ্ছেদের পর থেকেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি তাকে অনুসরণ করছেন বলে তার সন্দেহ। কয়েক বছর আগে বিষয়টির উৎস খুঁজে বের করতে তিনি ব্যক্তিগতভাবে তদন্তেরও চেষ্টা করেন। তখন তাকে জানানো হয়েছিল, একজন পেশাদার হ্যাকারকে ব্যবহার করে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নজরদারি করা হচ্ছে।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘মীনাক্ষী’ নামে একটি ভুয়া পরিচয় ব্যবহার করে তার পরিচিত ব্যক্তিদের কাছে ই-মেইল পাঠানো হচ্ছে। এসব বার্তার মাধ্যমে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগও করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভারত ছাড়ার পরও এই হয়রানি বন্ধ হয়নি। দুবাইয়ে যাওয়ার পরও তার বন্ধু ও পরিচিতদের কাছে একই ধরনের ই-মেইল পৌঁছাচ্ছে বলে দাবি করেছেন মান্দানা। ফলে নতুন দেশে নতুন জীবন শুরুর পরিকল্পনা করলেও পুরোনো আতঙ্ক এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে।
এ পরিস্থিতিতে পরিচিতদের সতর্ক করে মান্দানা বলেছেন, তাকে ঘিরে কোনো সন্দেহজনক ই-মেইল বা বার্তা পেলে যেন কেউ তাতে বিশ্বাস না করেন। বিশেষ করে এসব বার্তার মাধ্যমে অর্থ চাওয়া হলে কোনোভাবেই টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বার্তাগুলো মুছে না ফেলে সংরক্ষণ করা, স্ক্রিনশট নেওয়া এবং তাকে পাঠানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।
মান্দানার অভিযোগ, ভারতে থাকাকালে একাধিকবার সাইবার অপরাধের বিষয়ে অভিযোগ করেও তিনি প্রত্যাশিত প্রতিকার পাননি। দীর্ঘদিন ধরে চলা এই হয়রানির কারণে শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বছরের পর বছর ধরে চলা এই ঘটনার বিরুদ্ধে আর নীরব থাকতে চান না বলেও জানিয়েছেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে মান্দানাকে। ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে করেন তিনি। কয়েক বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকার ও অনুষ্ঠানে সেই সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে এনেছেন তিনি।
এরপর চলতি বছর প্রায় ১৬ বছর ভারতে থাকার পর দেশটি ছাড়ার সিদ্ধান্ত নেন মান্দানা। আবেগঘন বার্তায় ভারতকে বিদায় জানিয়ে নতুন দেশ, নতুন বাড়ি ও নতুন জীবন শুরুর প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি। তবে দুবাইয়ে যাওয়ার পরও পুরোনো সাইবার হয়রানি অব্যাহত থাকায় সেই নতুন জীবনের শুরুতেই ফের উদ্বেগের মুখে পড়েছেন এই অভিনেত্রী।