সোনার দামে লাফ
- ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩
দেশের বাজারে টানা তিন দফা সোনার দাম কমানোর পর এবার আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, একই দিন সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। আগের দিন বুধবার এই দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
এর আগে টানা তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। এবার সেই ধারার পরিবর্তন করে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস। নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার অলংকার কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে।