অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও, যুবক আটক

সিফাত

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং এনসিপির সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও পোস্ট দিয়ে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার প্রকাশিত এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করতে দেখা যায়।

ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এ বিলকে অতিরিক্ত দাবি করে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে জানান। পরে রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিফাতের ফেসবুক আইডি ‘Sifat Abdullah’ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে তার আটকের বিষয়টি জানানো হয়।