ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে
- ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড় দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তারা।
জবাবে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে তুলে দেন। এতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এসব বিষয়ে মন্ত্রীর সহযোগিতাও কামনা করেন তারা।