আসিফ-নাসীরউদ্দীনের এলাকা অদলবদল

এনসিপি

রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

এনসিপি সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী আইন ও কৌশলের অংশ হিসেবেই তাদের ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দুই নেতা ইতোমধ্যে ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগামী দু-এক দিনের মধ্যে দল থেকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে।

আসিফ মাহমুদ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করার পর যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার শেষে আবেদন অনুমোদন করা হয়।

সোমবার সন্ধ্যায় আসিফ মাহমুদ বলেন, তিনি ভোটার এলাকা পরিবর্তন করেছেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাজ করবেন। দলের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার স্থানান্তর করেছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করেন নাসীরুদ্দীন। ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিএনপির মির্জা আব্বাস ওই আসনে নির্বাচিত হন।

নির্বাচনের পর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনা এবং শপথ স্থগিত রাখার আবেদন করেছিলেন নাসীরুদ্দীন। নির্বাচনের সময় তার ভোটার এলাকা ঢাকা-৮ আসনের বাইরে থাকায় তিনি নিজ আসনে ভোট দিতে পারেননি।