মিথিলার সংসারে ভাঙনের সুর
- ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪
টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
তবে এবার এক সাক্ষাৎকারে নিজের জীবনে ‘স্থায়ী সঙ্গী’ বা ‘স্টেবল পার্টনারশিপ’-এর অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সৃজিত। তার এই বক্তব্যের পর মিথিলার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি বিশেষ টকশোতে অতিথি হিসেবে হাজির হন সৃজিত। সেখানে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং ব্যক্তিগত জীবনের একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে জীবনের বর্তমান পর্যায়ে এসে স্থায়ী সঙ্গীর অনুপস্থিতি অনুভব করার কথা স্বীকার করেন তিনি। দীর্ঘ প্রায় ছয় বছরের বিবাহিত জীবনে সৃজিত ও মিথিলাকে গত কয়েক বছর ধরেই বেশ আলাদা থাকতে দেখা গেছে, যা নিয়ে অতীতেও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।
যদিও এবার সাক্ষাৎকারে মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি সৃজিত, তবে ‘স্থায়ী সঙ্গী নেই’—তার এমন মন্তব্য সাবেক ও বর্তমানের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।
সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। তিনি জানান, একসময় সুস্মিতা তার খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট লেবেল থাকে না। সময়ের সঙ্গে তাদের সেই ঘনিষ্ঠতা কমে গেছে, তবে তারা এখনো একে অপরের শুভাকাঙ্ক্ষী।
সৃজিতের ভাষায়, জীবন একটি যাত্রার মতো, অনেকে কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়। সুস্মিতাও নেমে গেছেন, হয়তো অন্য কোনো ট্রেনে উঠেছেন।