নোরা ফাতেহির মন্তব্যে কোম্পানিতে ধস!

নোরা

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নোরার মন্তব্যে প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে—এমন অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

ওই ভিডিওতে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন নোরা। তার এমন বক্তব্যকেই আপত্তিকর ও দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করেছে ডুন্স অ্যাভিয়েশন।

প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার মন্তব্য ভিত্তিহীন এবং এর ফলে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ব্যবসায়িকভাবেও ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছে তারা।

ডুন্স অ্যাভিয়েশন আরও জানিয়েছে, নোরা যে বিমানটি নিয়ে মন্তব্য করেছেন, সেটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ।

প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে নোরা ফাতেহির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান নোরা ফাতেহি। সম্প্রতি একটি কন্নড় গানের অশালীন কথার কারণে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি।

পরে ওই বিতর্কের বিষয়ে নোরা জানান, গানটির ভাষা তিনি বুঝতে পারেননি। এ ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি নিয়ে তৈরি হওয়া সমালোচনা সামাল দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী।