ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রার্থী ঘোষণা

এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আয়োজিত ওই সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশনা দেন।

এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক ও কঠোর নজরদারি রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।