ক্রসফায়ার নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৫
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরা কারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তাসহ সন্ত্রাস দমনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।