ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিড়ে ফেলল শিক্ষার্থী
- ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবি তিনটি ছিঁড়ে ফেলেন উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
আবু তৈয়ব ২০০১-০২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও স্নাতক শেষ করতে পারেননি। পরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হয়ে বর্তমানে উর্দু বিভাগে পড়ছেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাংবাদিকদের আবু তৈয়ব বলেন, মাতৃভাষার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের সঙ্গে জড়িত জিন্নাহর ছবি ডাকসুতে স্থান পাওয়া উচিত নয়।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করছে ছাত্রশিবির। তাঁর ভাষ্য, জিন্নাহ, গোলাম আজম ও নিজামীর মতো ব্যক্তিদের নায়ক হিসেবে প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।
সংস্কারের পর রোববার ডাকসু সংগ্রহশালা চালু করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো একক বা গৌরবোজ্জ্বল ছবি না রাখলেও নতুন করে জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়।
এর মধ্যে একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের সঙ্গে সম্পর্কিত ছবি। ওই বক্তব্যে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্য দুটি ছবির একটি ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনের দলগত ছবি এবং অপরটি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি-সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদন।
জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার প্রায় দুই ঘণ্টা পর ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। ছবি প্রদর্শন নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, জিন্নাহর ছবি রাখার পাশাপাশি তাঁর বাংলা ভাষাবিরোধী বক্তব্যও সেখানে উল্লেখ করা হয়েছে।
ছবি ছিঁড়ে ফেলার ঘটনা প্রসঙ্গে ফরহাদ বলেন, যিনি ছবিটি ছিঁড়েছেন তিনি উর্দু বিভাগের শিক্ষার্থী। তাঁর ধারণা, জিন্নাহর প্রতি আলাদা কোনো আবেগ থেকেই ওই শিক্ষার্থী এমনটি করে থাকতে পারেন।